পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি ইরানের ওপর ইসরায়েলি হামলা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সোমবার (২৩ জুন) পাকিস্তানের জাতীয় সংসদে এক অধিবেশনে তিনি বলেন, “যদি আমরা ইরানিদের পক্ষে কথা না বলি, তাহলে যখন তারা আমাদের দিকে আসবে, তখন আর কেউ অবশিষ্ট থাকবে না।”
বিলাওয়াল ভুট্টো তার বক্তৃতায় বলেন, “প্রথমে তারা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়, কিন্তু আমরা নীরব ছিলাম, কারণ আমরা ফিলিস্তিনি নই। এরপর লেবানিজদের ওপর হামলা হলো, তবুও আমরা কিছু বলিনি, কারণ আমরা লেবানিজ নই।
ইয়েমেনিদের ওপরও হামলা হলো, তখনও আমরা চুপ থাকলাম, কারণ আমরা ইয়েমেনি নই। এখন তারা ইরানের ওপর হামলা করছে। আমরা যদি এখনো চুপ থাকি, তবে যখন তারা আমাদের দিকে এগোবে, তখন আর কেউ থাকবে না।”
তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের এ গণহত্যামূলক আগ্রাসন মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে এবং এর ভয়াবহতা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। বিশ্ব সম্প্রদায়ের প্রতি তার আহ্বান, এখনই ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিলাওয়াল ভুট্টো-জারদারি তার বক্তব্যে জার্মান খ্রিস্টান যাজক মার্টিন নিমোলারের বিখ্যাত কবিতা First They Came… স্মরণ করিয়ে দেন, যা নীরবতা ও উদাসীনতার পরিণতির কথা মনে করিয়ে দেয়। তিনি বলেন, সময় এসেছে একত্রিত হয়ে নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?