ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে এবং কোনো ‘রেড লাইন’ মেনে চলতে বাধ্য নয় বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।
সোমবার (১৬ জুন) এক উন্মুক্ত সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ইরানি বাহিনী বর্বর ইহুদিবাদী শত্রুকে অসহায় করে তুলবে। শত্রুর জন্য জাহান্নাম অপেক্ষা করছে এবং বিশ্ববাসী তা প্রত্যক্ষ করবে।”
তিনি আরও বলেন, “গত রাতের ইহুদিবাদীদের দুঃস্বপ্ন এবং অপরাধীদের প্রতি তীব্র আতঙ্ক অব্যাহত থাকবে, যতক্ষণ না তারা অনুতপ্ত হয় এবং শাস্তি পায়।” কালিবাফের মতে, ইরান বর্তমানে একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যদিও চূড়ান্ত বিজয় নিশ্চিত, তবে এই পথে কিছু উত্থান-পতন থাকাই স্বাভাবিক।
পার্লামেন্ট স্পিকার তার বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বের প্রশংসা করেন এবং বলেন, “আইআরজিসি ও সেনাবাহিনী বিশ্বকে দেখিয়েছে তাদের অসাধারণ সামরিক দক্ষতা। তারা ইহুদিবাদী শাসনের তথাকথিত অজেয়তা ও প্রতিরক্ষা ব্যূহকে উপহাসে পরিণত করেছে।”
তিনি বলেন, এই উত্তেজনাকর পরিস্থিতি ইরানি জনগণের মধ্যে জাতীয় ঐক্য জোরদারের একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে। জাতি আজ সশস্ত্র বাহিনীর পেছনে একত্রিত এবং তাদের পূর্ণ সমর্থন দিচ্ছে।
এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের অবস্থান আরও জোরালো করে তুলবে বলে ধারণা বিশ্লেষকদের।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?