সৌদি আরবে হজ মৌসুমে ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালনের চেষ্টা করায় ৪২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। মক্কার আল-হিজরাহ এলাকায় হজ নিরাপত্তা বাহিনী এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা বিভিন্ন ধরনের ভিজিট ভিসার অধিকারী ছিলেন এবং বৈধ হজ পারমিট ছাড়াই মক্কায় প্রবেশ করেন, যা সৌদি হজ আইন অনুযায়ী স্পষ্ট লঙ্ঘন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যারা তাদের আশ্রয় বা সহায়তা দিয়েছেন, তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে। সৌদি সরকার হজ মৌসুমে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে এবং অনুমোদনহীনভাবে হজ পালনের চেষ্টাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করছে।
সৌদি আরবের হজ নীতিমালা অনুযায়ী, শুধুমাত্র বৈধ হজ ভিসা বা হজ পারমিটধারীরাই হজ পালনের অনুমতি পান। ভিজিট, পর্যটন, ব্যবসা বা পারিবারিক ভিসাধারীদের হজ মৌসুমে মক্কায় প্রবেশ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সাধারণত জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত কার্যকর থাকে।
সৌদি সরকার সতর্ক করে দিয়েছে, অনুমোদনহীনভাবে হজ পালনের চেষ্টা বা এমন কাজে সহায়তা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এ ধরনের অপরাধের জন্য জেল, জরিমানা, ডিপোর্টেশন এবং ভবিষ্যতে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
এই ঘটনা হজযাত্রীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে, যাতে তারা প্রতারক এজেন্সি বা ব্যক্তিদের ফাঁদে না পড়ে এবং বৈধ ভিসা ও অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা না করেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?