দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই একগুচ্ছ ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প।
তাঁর শাসনকালে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেবেন না বলে অঙ্গীকার করেছেন ট্রাম্প।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, আমেরিকার সীমান্তও সর্বদা সুরক্ষিত থাকবে।
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথের ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসি-র ক্যাপিটাল এরেনা ১-এ একটি বিজয় ব়্যালি করেন। সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলা জে ডি ভান্সও।
‘মেক আমেরিকা গ্রেট আগেন’-এর থিমের এই ব়্যালিতে প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি পূরণ করার ইঙ্গিতও দিলেন ট্রাম্প।
জো বাইডেনের নেওয়া ‘অযৌক্তিক’ সিদ্ধান্তগুলিকে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ‘প্রথম সেরা দিন উপহার দিতে চলেছি আমেরিকানদের। আমার শাসনে প্রথম সেরা সপ্তাহ এবং প্রথম সেরা ১০০ দিন দেখবেন সকলে। তা ঐতিহাসিক হয়ে থাকবে।
সর্বোপরি আমেরিকার যে কোনও সমস্যা দ্রুতগতিতে এবং সর্বশক্তি দিয়ে সমাধান করার অঙ্গীকার করেন ডোনাল্ড ট্রাম্প।
বিজয় ব়্যালিতে তিনি বলেন, ‘আগামীকাল সূর্যাস্তের আগেই বহিঃশত্রুর আক্রমণ বন্ধ হয়ে যাবে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাইডেন জমানার প্রতিটি কট্টরপন্থী এবং অযৌক্তিক নির্দেশ প্রত্যাহার করা হবে।
ওই বিজয় ব়্যালিতেই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, পশ্চিম এশিয়ার অস্থিরতা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমি ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেব। পশ্চিম এশিয়ার অস্থিরতা বন্ধ করব এবং অতি অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধ আটকাব।’
সূত্রের খবর, দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই আমেরিকায় অভিবাসনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ন্ত্রণ জারি করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।
বেআইনি অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠানোর কথাও কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। আমেরিকায় অনুপ্রবেশ ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে সেখানকার রাজনীতিতে।
আন্তর্জাতিক বিশ্লেষক মহলের একাংশের অনুমান, দায়িত্ব গ্রহণের পর প্রথমে ট্রাম্প যে সিদ্ধান্তগুলি নিতে পারেন, তার মধ্যে অন্যতম হতে পারে আমেরিকার সীমান্তে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা।
পাশাপাশি আমেরিকা এবং মেক্সিকোর সীমান্তে জরুরি পরিস্থিতিও ঘোষণা করা হতে পারে।
এ ছাড়াও মাদক পাচার চক্রগুলিকে বিদেশি জঙ্গি গোষ্ঠী হিসাবে ঘোষণা করা হতে পারে। রূপান্তরকামী মহিলাদের খেলায় অংশগ্রহণ করতে দেবেন না বলেও সাফ জানিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের থেকে প্রতিশ্রুতি পেয়ে পুনরায় আমেরিকায় তাদের পরিষেবা চালু করে দিয়েছে টিকটক। মার্কিন গ্রাহকরা নিজেদের ফোনে এই অ্যাপ ব্যবহার করতে পারছেন।
এই অ্যাপের ৫০ শতাংশ অংশীদারিত্ব নেওয়ার ভাবনাচিন্তাও শুরু করেছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?