মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক ধ্বংসাত্মক হুমকির মুখে এক অনড় ও কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানিয়েছেন, তেহরান কোনও ধরনের ‘পাশবিক শক্তির’ কাছে নতি স্বীকার করবে না।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই ট্রাম্পের হুমকির সরাসরি প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, “একটি ‘সভ্য’ জাতির সংস্কৃতির শক্তি, যুক্তি এবং তার ন্যায়সঙ্গত উদ্দেশ্যের প্রতি বিশ্বাস নিঃসন্দেহে পাশবিক শক্তির যুক্তির ওপর জয়লাভ করবে।”
ইরানের এই মুখপাত্র আরও জোর দিয়ে বলেন, ‘যে জাতি তার পথের সঠিকতার ওপর পূর্ণ বিশ্বাস রাখে, সে তার অধিকার এবং বৈধ স্বার্থ রক্ষায় নিজের সব সক্ষমতা ও সামর্থ্যকে কাজে লাগাবে।’
উল্লেখ্য, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই কঠোর বার্তা দিলো তেহরান। ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে দাবি মানা না হলে আজ রাতেই একটি ‘পুরো সভ্যতা’ বিলুপ্ত হয়ে যেতে পারে।
সূত্র: আল জাজিরা
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?