ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ চলমান সংঘাতের অবসান ঘটাতে দেশকে ‘বিজয় ঘোষণা’ দিয়ে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, এমন একটি সমঝোতায় পৌঁছানো জরুরি যা বর্তমান উত্তেজনা কমাবে এবং ভবিষ্যতে সংঘাতের ঝুঁকিও হ্রাস করবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেইন অ্যাফেয়ার্স-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি সম্ভাব্য রূপরেখা তুলে ধরেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জারিফ।
তার প্রস্তাবনায় বলা হয়েছে, ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে। এর বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো যেতে পারে।
এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক ‘আক্রমণ না করার নীতি’ স্বাক্ষরের বিষয়েও প্রস্তুত থাকার কথা উল্লেখ করেন তিনি। এই ধরনের চুক্তির মাধ্যমে দুই দেশ একে অপরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়ার অঙ্গীকার করতে পারে।
জারিফ আরও বলেন, উভয় দেশের জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা যেতে পারে, যা দুই পক্ষের জন্যই উপকারী হবে।
তার মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ইরান নিরাপত্তা উদ্বেগ কমিয়ে দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান বৃদ্ধিতে বেশি মনোযোগ দিতে পারবে এবং ভবিষ্যতের জন্য একটি স্থিতিশীল পথ তৈরি হবে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?