ইরানের ডেল্টা-উইং ড্রোন ‘শাহেদ-১৩৬’ সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রায় ৫০ হাজার ডলার মূল্যের এই ‘লোইটারিং মিউনিশন’ ড্রোনটি কম খরচে দীর্ঘপাল্লার আঘাত হানতে সক্ষম। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার পর এবার উপসাগরীয় অঞ্চলে এর উপস্থিতি নতুন উদ্বেগ তৈরি করেছে।
সাম্প্রতিক হামলাগুলোতে বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত-এর আকাশসীমা লক্ষ্যবস্তু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। ধীরগতির হলেও প্রায় ২,০০০ কিলোমিটার পাল্লার এই ড্রোন প্রায় ৫০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। বিশেষজ্ঞদের মতে, বড় অবকাঠামো পুরোপুরি ধ্বংস না করলেও বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগার বা সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি করতে সক্ষম।
ড্রোনটির বিকট শব্দ, নিচু দিয়ে উড়ে রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তনের সুবিধা একে আরও কার্যকর করে তুলেছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, কম খরচে বড় কৌশলগত চাপ সৃষ্টি করাই এ ধরনের হামলার মূল উদ্দেশ্য।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শাহেদ-১৩৬ ড্রোনের ব্যবহার ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?