নাটোরের সিংড়ায় বিএনপির জনসভার মঞ্চে ডা. ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা, যা বিষয়টিকে আরও আলোচনায় এনেছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সিংড়া কোর্ট মাঠে বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভার সভাপতিত্ব করেন বিএনপির উপজেলা আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, যিনি পলকের চাচা শ্বশুর এবং ডা. দৃষ্টির আত্মীয়।
বিএনপির অভ্যন্তরে এ ঘটনা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কারণ, অতীতে ডা. দৃষ্টি আওয়ামী লীগের প্রচারণায় সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং পলকের স্ত্রীর সঙ্গে প্রচারণায় অংশ নেন। পাশাপাশি, তিনি সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে ইয়াং বাংলা অ্যাওয়ার্ড এবং সাবেক মন্ত্রীদের কাছ থেকে বিভিন্ন পুরস্কার গ্রহণ করেছিলেন, যা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।
বিএনপির এক কর্মী কুরবান তার ফেসবুক পোস্টে লেখেন, সিংড়া বিএনপির জনসভার মঞ্চে জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা, তাহলে এরাই কি আগামী দিনের বিএনপি?
তবে এ বিষয়ে ফারজানা রহমান দৃষ্টি বলেন, সামাজিক কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে মিশতে হয়। এ জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন। মানুষের জন্য কাজ করেই বিভিন্ন পুরস্কার পেয়েছেন বলে দাবি তার।
তবে ডা. ফারজানাকে কে মঞ্চে তুলেছেন সেটা জানা নেই বলে জানিয়েছেন সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।