সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডির ৩২ নম্বরে ফের দেখা গেছে বুলডোজারের উপস্থিতি। সোমবার বেলা ১২টার দিকে ট্রাকে করে দুটি বুলডোজার ৩২ নম্বরের দিকে নেওয়া হয়। ট্রাকের ওপর থাকা কয়েকজন তরুণ মাইকে স্লোগান দিচ্ছিলেন, নিজেদের পরিচয় দেন ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে।
তবে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বিবিসি বাংলার “৩২ নম্বরে দুটি বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে” শিরোনামের একটি সংবাদ কার্ড শেয়ার করে তিনি লিখেছেন, “মনের ভয়–ই আসল ভয়, বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে—এটাকে কিভাবে অস্বীকার করবিরে রাজাকার বাহিনী!”
শাওনের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করছেন, আবার কেউ কেউ বলছেন—রায়ের দিনে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির মাধ্যমে বাড়িটির একটি অংশ ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে সেনাবাহিনী সেখানে গেলে ‘ভুয়া ভুয়া’ স্লোগান তোলা হয় এবং রাতভর সেখানে গান–নাচ চলতে দেখা যায়।
সরকার বর্তমানে ভাঙা বাড়িটির অংশ ঘিরে নিরাপত্তা জোরদার রেখেছে। তবে রায়ের দিন বুলডোজার নিয়ে যাওয়া নতুন করে উত্তেজনা ও আলোচনা তৈরি করেছে।
সব মিলিয়ে ৩২ নম্বর আজ আবারও রাজনৈতিক ও প্রতীকী উত্তাপের কেন্দ্রবিন্দুতে—আর শাওনের ‘রাজাকার বাহিনী’ মন্তব্য সেই উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে।