কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর এবার মুখ খুললেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী তানভীর রাহী। এক বিশেষ সাক্ষাৎকারে রাহী আফ্রিদিকে ‘ভয়ংকর’ বলে আখ্যা দেন এবং তার ব্যক্তিজীবন, আচরণ ও ইউটিউব ইন্ডাস্ট্রিতে প্রভাবের নানা অজানা দিক তুলে ধরেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে রাহী বলেন—ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও বাস্তব জীবনে তিনি সম্পূর্ণ ভিন্ন মানুষ। তার ভাষায়, “ক্যামেরার বাইরে আফ্রিদি ভয়ংকর একজন লোক। ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পেত।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ঘটনা তুলে ধরে রাহী জানান, আফ্রিদির রাগের শিকার হয়েছিলেন তিনিও। “রাগ উঠলে সে বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পেটাতো,” বলেন তিনি। আরও জানান, আন্দোলনের কয়েক মাস পর এক রাতে আফ্রিদি হঠাৎ ভিডিও কলে ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে বলেন—“বুঝছিস আমার অবস্থানটা? সাবধানে থাকিস।”
রাহীর অভিযোগ, আফ্রিদির চরিত্রে মনুষ্যত্ব নেই, তার চিন্তা শুধু প্রতিশোধ ঘিরে। “কারে কারে ধরবে, কারে কারে মারবে—এই চিন্তাই তার মাথায় ঘুরত,” বলেন তিনি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আসামি তৌহিদ আফ্রিদি রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশালে সিআইডির অভিযানে গ্রেপ্তার হন। আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান। মামলার ১১ নম্বর আসামি তিনি।
একই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এছাড়া, এ মামলায় ২২ নম্বর আসামি হিসেবে আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গত ১৭ আগস্ট গ্রেপ্তার করা হয়।