জুলাই আন্দোলনের সময় থেকেই সরব ছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। আওয়ামী লীগের তীব্র সমালোচনার মুখেও তিনি নিজের অবস্থান থেকে সরেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত এই অভিনেত্রী এবার দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
শনিবার (২ আগস্ট) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক আবেগঘন পোস্টে শবনম ফারিয়া লেখেন, “এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো জানি না! এক পার্টির বড়রা টাকা মেরে ভেগেছে।
ছোটরা অনলাইনে জুলাইকে অপমান করে সেই শোক কমায়। আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন আর হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিক করে!”
তিনি আরও বলেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন’, অন্য পক্ষ বলে ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’!”
পোস্টের একপর্যায়ে নিজের হতাশা তুলে ধরে ফারিয়া লেখেন, “এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এ অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।”
এদিকে তার এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, “সুন্দর একটা দেশকে পানিতে নামিয়ে এখন নাটক করেন।” এর জবাবে ফারিয়া বলেন, “আপনাদের বড়দের চুরি-চোট্টামি একটু কম হলে, আর জুলাইয়ে পোলাপানদের গুলি না করলে আমাদের এতো কিছু করতে হতো না!”
শবনম ফারিয়ার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তার সাহসিকতাকে প্রশংসা করেছেন, কেউ কেউ আবার কটাক্ষ করেছেন। তবে ফারিয়া স্পষ্ট ভাষায় জানিয়েছেন—তিনি দেশ নিয়ে ভাবেন, সাধারণ মানুষের দুঃখ বুঝেন এবং রাজনীতির নামেই চলা এই বিশৃঙ্খলার প্রতিবাদ করে যাবেন।