মাহবুব আলম,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের দ্বিতীয় আবাসিক হল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের’ নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা নতুন নামকরণ করেছে ‘বিজয় ২৪ হল’।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ হল থেকে একটি মিছিল নিয়ে দ্বিতীয় ছাত্রহলের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে ছাত্রলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে শিক্ষার্থীরা হলের সম্মুখভাগে ‘বিজয় ২৪ হল’ সম্বলিত একটি ব্যানার ঝুলিয়ে দেন এবং নতুন নামকরণ নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে হলের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ করার প্রস্তাব করে। সেখানে অধিকাংশ শিক্ষার্থী থেকে পাওয়া মতামতের ভিত্তিতে আজ এই হলকে ‘বিজয় ২৪ হল’ ঘোষণা করছি। বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে এখন থেকে এই হলের নাম ‘বিজয় ২৪ হল’ রাখছি।’
তারা আরও বলেন, আমাদের চূড়ান্ত বিজয় এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। সামনে আমাদের অনেক কাজ বাকি, আমরা যেন জুলাইকে না ভুলি, সকল কাজ যেন জুলাইয়ের চেতনায় করতে পারি।