সানজিদা খানম , গবি সংবাদদাতা:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্ত:বিভাগ ক্রিকেট ও হ্যান্ডবল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ছাত্রদের ক্রিকেটে ইংরেজি এবং ছাত্রীদের হ্যান্ডবলে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে ছাত্রীদের হ্যান্ডবলে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের সাথে রাজনীতি ও প্রশাসন বিভাগ এবং দুপুরে ছাত্রদের ক্রিকেটে ইংরেজি ও সিএসই বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ছাত্রীদের হ্যান্ডবল খেলায় রাজনীতি ও প্রশাসন বিভাগকে ১৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। ছাত্রদের ক্রিকেট খেলায় মুখোমুখি হয় ইংরেজি বিভাগ ও সিএসই বিভাগ। ইংরেজি বিভাগের দেওয়া ১৭৬ রানের টার্গেটে ইংরেজি বিভাগ ৮৮ রান সংগ্রহে সক্ষম হয়। এই সমীকরণের মধ্য দিয়ে জয় নিশ্চিত করে এবারের আসরের চ্যাম্পিয়নের তকমা অর্জন করে ইংরেজি বিভাগ এবং রানার্সআপ হয় সিএসই বিভাগ।
হ্যান্ডবলের ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিরিন এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছে একই বিভাগের লিলি। ছাত্রদের ক্রিকেটে ফাইনাল ম্যাচে ৮৫ রান এবং ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছে ইংরেজি বিভাগের মুন্না। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছে সিএসই বিভাগের খেলোয়াড় সাক্ষাৎ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষার্থী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়। এবারের আয়োজনে ২টি ইভেন্টে (ক্রিকেট ও হ্যান্ডবল) প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ছাত্রদের ক্রিকেটে ১৭টি এবং ছাত্রীদের হ্যান্ডবলে ১৪টি বিভাগ অংশগ্রহণ করে।