আবু তাহের, জাককানইবি
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো দ্রুত প্রবর্তন এবং ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ-জনবল বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ব্যবসায় প্রশাসনের অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার বলেন, শিক্ষকতায় মেধাবীদের আকৃষ্ট করতে হলে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে হবে। সর্বোচ্চ সুযোগ সুবিধা পেলেই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আগ্রহ দেখাবে।
আর এজন্য বেতন বৃদ্ধি একটি যৌক্তিক দাবি এবং পে-স্কেল যুক্তিযুক্ত। তাই আমি মনে করি পে-স্কেল দ্রুততম সময়ের মধ্যে দেওয়া উচিত।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন বলেন, আজকে স্বতন্ত্র পে-স্কেলের জন্য রাস্তায় দাঁড়ানো আমাদের জন্য খুবই কষ্টের বিষয়। গত ১০ বছরে একটি পে-স্কেল হয়েছিল, তার আগের ১০ বছরে হয়েছিল ৩ টি।
বাজারে জিনিসপত্রের দাম বাড়লে রিক্সাওয়ালারা ভাড়া বাড়িয়ে দেন। কিন্তু আমরা বা সরকারি চাকরিজীবীরা তা পারি না। এজন্য নতুন পে-স্কেলের যৌক্তিক দাবি উঠেছে। যারা অনার্স, মাস্টার্স পাশ করায়, তাদেরকে অবহেলিত করে রাখলে সমাজ এগোবে না।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্বতন্ত্র বেতন স্কেল এটা আমরা অনেক আগে থেকে দাবি করে এসেছি, এর আগেও মানববন্ধন করেছি। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যদি স্বতন্ত্র বেতন স্কেলের মাধমে মান উন্নয়ন না করা হয়, তাহলে মেধাবী শিক্ষার্থীরা কখনো এখানে আকৃষ্ট হবে না। এর ফলে দেশ এবং জাতি মেধা শূন্য হবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমাজ আছেন, তারা সর্বোচ্চ মেধার অধিকারী। শিক্ষকদের যদি সর্বোচ্চ সম্মানিত জায়গায় নিয়ে যাওয়া না হয়, তাহলে তারা উৎসাহ হারাবে।
সেক্ষেত্রে আর্থিক বিষয়টা তো অবশ্যই আছে। এজন্য শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল জরুরী। বিশ্ববিদ্যালয়ের জন্য আর্থিক বরাদ্দ বাড়ানো উচিত। সেজন্য ইউজিসিরও আর্থিক বরাদ্দ বাড়াতে হবে। কারণ ইউজিসি টাকা না পেলে বিশ্ববিদ্যালয়ে কিভাবে বরাদ্দ দিবে।