ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে ক্যাম্পাস–কুমিল্লা রুটে সাপ্তাহিক বাস সার্ভিস চালু করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আনুষ্ঠানিকভাবে এ সাপ্তাহিক ট্রিপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।
ডাকসু জানায়, এই নতুন পরিবহন সেবা চালুর ফলে কুমিল্লা অঞ্চলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে। নির্ধারিত সূচি অনুযায়ী বাসটি প্রতি বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লার উদ্দেশে যাত্রা করবে এবং প্রতি রোববার সকালে কুমিল্লা থেকে ছেড়ে পুনরায় ক্যাম্পাসে পৌঁছাবে।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসানসহ বিভিন্ন হলের শিক্ষার্থী প্রতিনিধিরা।
সূর্যসেন হলের সাহিত্য সম্পাদক মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা রুটে বাস চালুর যে দাবি শিক্ষার্থীদের মধ্যে ছিল, তা অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর যৌথ ও আন্তরিক উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। তিনি জানান, প্রায় ১০ থেকে ১২ বছর ধরে চলমান এই দাবির বাস্তব রূপ পাওয়া বর্তমান ডাকসুর দায়বদ্ধতারই প্রমাণ।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করাই ডাকসুর অন্যতম প্রধান লক্ষ্য। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই ধাপে ধাপে পরিবহন সেবার সম্প্রসারণ করা হচ্ছে। তিনি জানান, শিক্ষার্থীদের ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে আরও নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে। এর আগেও ডাকসুর উদ্যোগে সন্ধ্যার বাস ট্রিপ চালু করা হয়েছে, যার সুফল ইতোমধ্যে শিক্ষার্থীরা পাচ্ছেন।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান বলেন, কুমিল্লা রুটে বাস চালুর ক্ষেত্রে ডাকসুর ভূমিকা ছিল সম্পূর্ণভাবে অগ্রণী। দীর্ঘদিন শিক্ষার্থীদের দাবি থাকলেও সীমিত রিসোর্সের কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমান ডাকসুর সময় আলাদা ফান্ড ও সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগ সফল হয়েছে।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু কোনো রাজনৈতিক বা স্বতন্ত্র প্ল্যাটফর্ম নয়; এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর প্রত্যাশার প্রতিফলন। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি শুধু বাস্তবায়নই নয়, বরং তার চেয়েও বহুগুণ বেশি কার্যক্রম সম্পন্ন করতে ডাকসু বদ্ধপরিকর। গত চার মাসেই ডাকসু স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার উদাহরণ সৃষ্টি করেছে বলে তিনি উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, কুমিল্লা রুটে বাস চালু হওয়া কেবল একটি নতুন পরিবহন সেবা নয়; এটি ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বিত কাজের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি।