ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দ্রুততম সময়ের মধ্যে হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, শহীদ ওসমান হাদির জীবন ছিল খুবই সংক্ষিপ্ত হলেও অল্প সময়ের মধ্যেই তিনি নিজের আদর্শকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন।
তিনি বলেন, “শহীদ ওসমান হাদি সবসময় ন্যায় ও মজলুমের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার হত্যাকাণ্ড শুধু একজন মানুষকে নয়, একটি আদর্শকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা।”
হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
স্মরণসভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নাছিমা খাতুন,
অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. এস. এম. আলী রেজা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং ইনকিলাব মঞ্চের মো. বোরহান উদ্দিন।
দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শরীফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ডাকসুর নেতৃবৃন্দ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।