দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এখন কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। এই ফলাফল ঘিরে ক্যাম্পাস ও এর আশপাশে রাজনৈতিক উত্তেজনা ও কৌতূহল চরমে পৌঁছেছে। বুধবার সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিএনপিপন্থী ছাত্র সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী অবস্থান নিতে শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীত পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা ফলাফলের অপেক্ষা করছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলীয় ব্যানার ও স্লোগান নিয়ে সেখানে উপস্থিত হন। কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে দেখা গেছে। ক্যাম্পাসের ভেতরে ভোট গণনা ও ফলাফল প্রস্তুতির কাজ চললেও বাইরে রাজনৈতিক কর্মীদের ভিড় দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হওয়ায় শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা মনে করছেন, এই নির্বাচন শুধু একটি ছাত্র সংসদের ভোট নয়, বরং ক্যাম্পাস রাজনীতিতে নতুন দিকনির্দেশনা দেবে। ছাত্রদল নেতাকর্মীদের অনেকেই বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে শিক্ষার্থীদের দাবি ও অধিকার আদায়ে ভূমিকা রাখবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রদল নেতাকর্মী বলেন, “আমরা জকসু নির্বাচনের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফলাফল ঘোষণার হওয়ার পর আমরা বিজয় মিছিল নিয়ে ফিরে যাব।” তাদের বক্তব্যে স্পষ্ট, ফলাফল নিজেদের অনুকূলে এলে তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিলের প্রস্তুতিও রয়েছে।
ফলাফল ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসের আশপাশে রাজনৈতিক তৎপরতা বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানানো হয়েছে। এখন দৃষ্টি পুরোপুরি কেন্দ্রভিত্তিক ফলাফলের দিকে, যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।