সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর শোকবইয়ে স্বাক্ষর করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শোকবইয়ে তিনি লিখেছেন—ইনসাফ প্রতিষ্ঠার পথে বেগম জিয়ার মতো শত জুলুম-নির্যাতন সইবেন, কিন্তু কখনোই এই মাটি ছেড়ে যাবেন না।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের শুরুতে প্রতিনিধি দলের সঙ্গে তিনি খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর করেন।
শোকবইয়ে সাদিক কায়েম লিখেছেন, ভারতের আধিপত্যবাদ বিরোধী ও আপসহীন সংগ্রামের কণ্ঠস্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন…

তিনি আরও লিখেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌম ও ইনসাফের জন্য উনার লড়াই আজীবন এ জাতি শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। শহীদ জিয়া ও বেগম জিয়ার বাংলাদেশপন্থী রাজনীতিই আগামীর বাংলাদেশের রাজনীতি। এই রাজনীতি হলো- ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে। বেগম জিয়ার মতোই ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইয়ে শত জুলুম নির্যাতন সইবো, কিন্তু এই মাটি ছেড়ে যাবো না।
শোকবার্তায় তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠার এই সংগ্রামে শত নির্যাতন সহ্য করা হবে, কিন্তু দেশের মাটি কখনো ছেড়ে যাওয়া হবে না।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম জানান, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারেক রহমান দেশের ছাত্র সমাজ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।
সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তারেক রহমান। তার বক্তব্য উদ্ধৃত করে তিনি জানান, রাজনীতিতে মতপার্থক্য থাকা গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ হলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও জানান, বিএনপি, জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল-ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।