মাত্র ৩০ মিনিটের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এই বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে অনুষ্ঠিত ওই সমাবেশ থেকেই ছুড়ে দেওয়া হয় এই হুঁশিয়ারি।
শাকিলুর রহমান সোহাগের বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিন অফিসে তালা দেওয়া হয়েছে, এমনকি উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর অফিসেও তালা দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে।
এসব ঘটনার প্রতিবাদে ছাত্রদল বিবৃতি দিয়েছে, যা সাধারণ শিক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে দাবি করেন তিনি। তবে রাকসুর কয়েকজন নেতাকে ‘ফুটেজখোর’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, তারা ওই প্রতিবাদলিপির বিরোধিতা করে কথা বলেছেন।
সালাহউদ্দিন আম্মারকে সরাসরি লক্ষ্য করে শাকিলুর রহমান সোহাগ বলেন, ছাত্রদলের সঙ্গে লাগতে আসবেন না। পুরো রাজশাহীর দরকার নেই, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলই মাত্র ৩০ মিনিটের মধ্যে আপনার মতো ফুটেজখোর সালাহউদ্দিন আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম—সক্ষম, সক্ষম, সক্ষম।
এই বক্তব্যের পাল্টা জবাবে সালাহউদ্দিন আম্মার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ছাত্রদলের এক ‘চাচা’ আজ ঘোষণা দিয়েছে ৩০ মিনিটে তালা মেরে দেবে। তিনি আরও লেখেন, ২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত কুকুর-বিড়ালের মতো পড়ে থেকে এই ক্যাম্পাসের বোঝা হয়ে থাকবেন না।
একদিন থাকলে থাকার মতো করেই থাকবেন এবং আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে কাজ করবেন। সাহস থাকলে ‘চান্দাভাই’ হয়ে সামনে আসারও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ থাকলেও গণমানুষের শক্তির ওপর ভর করেই দীর্ঘ ১৮ বছর পর জননেতা তারেক রহমান দেশে ফিরছেন।
দেশের মানুষের মঙ্গল, নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করাই এই প্রত্যাবর্তনের লক্ষ্য বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ২৫ ডিসেম্বরের পর সারাদেশে যারা মব সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবে, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের শক্ত হাতে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন।
এর আগে সোমবার দুপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল একটি স্বাগত মিছিলের আয়োজন করে। দুপুর দেড়টার দিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ নানা স্লোগান দেন।