রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফয়সাল রহমান, সাধারণ সম্পাদক হিসেবে আঃ রহমান অলি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আসিফ আদনানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সংগঠনের প্রধান উপদেষ্টা আনিসুর রহমান তালুকদার খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নেতৃত্ব অনুমোদন করা হয়। একইসঙ্গে আগামী ৪৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করার জন্য নবনির্বাচিত নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোঃ রবিন শেখ ও আসাদ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইমরান মাহমুদ ও খন্দকার রাকিব আহমেদ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. তাহাসিনুল ইসলাম ও নয়নতারা বাড়ই, দপ্তর সম্পাদক পদে মোঃ হান্নান হাওলাদার, কোষাধ্যক্ষ পদে তানজিম সিয়াম এবং প্রচার সম্পাদক হিসেবে জুয়েল আহমেদকে রাখা হয়েছে।
কমিটিতে আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে আনিকা তাসিন খান এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে সাদিয়া নুসরাত লাবণ্য মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ফয়সাল রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি চাই মাদারীপুর জেলার প্রতিটি শিক্ষার্থী আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে। তারা তাদের মেধা, বুদ্ধি, কর্মদক্ষতা ও সাহস দিয়ে চলমান চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার হবে।
যা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর প্রত্যাশা। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ আমাদের পরিপূর্ণ পরিবেশ প্রদান করতে পারছে না। তাছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা প্রচুর, তাই সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে আমরা আমাদের ক্যারিয়ারকে সুন্দরভাবে গঠন করতে পারি সেই লক্ষ্যে মাদারীপুরের প্রতিটি শিক্ষার্থীকে নিয়ে একত্রে কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক আ. রহমান অলি বলেন, “আমরা এই জেলা কল্যাণকে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক করে একটা পরিবারের মত হয়ে, একতা বজায় রেখে সবাইকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই। আমাদের এই কল্যাণমূলক সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে কিভাবে সকল শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা সমাধান করা যায় এবং যেকোন প্রয়োজনে তাদের পাশে থেকে সহযোগিতা করা যায়।”
সাংগঠনিক সম্পাদক আসিফ আদনান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মাদারীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমার মূল লক্ষ্য হলো মাদারীপুরের ছাত্রকল্যাণে কাজ করার জন্য পরিষদের সাংগঠনিক কাঠামোকে সুসংগঠিত ও শক্তিশালী করে তোলা। আমরা নতুন সদস্য যুক্ত করে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করব, এবং সমাজের প্রয়োজন অনুযায়ী আমাদের কার্যক্রমের প্রসার ঘটাব।
ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধানে এবং তাদের শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকব। আমি আশা করি, সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা মাদারীপুরের ছাত্রসমাজের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল মাদারীপুর জেলা নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সংকটে পাশে দাঁড়ানো এবং জেলার নতুন শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষা সহায়তায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে এই কমিটি। আগামী ৪৫ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে একটি দক্ষ ও পূর্ণাঙ্গ কাঠামোতে রূপ দেওয়ার কাজ শেষ করা হবে।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক ছাত্র সংগঠনগুলো মূলত নিজ জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং ক্যাম্পাসে আগত নতুন শিক্ষার্থীদের পরিচিতি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কাজ করে থাকে। মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।