ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে হলের সামনে নতুন নামসংবলিত একটি ব্যানার টাঙানো হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে হলটির নাম পরিবর্তনের দাবি উঠলে অনেক শিক্ষার্থী তাতে সমর্থন জানান।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের দাবিও উত্থাপন করেন।
মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ এক প্রতিক্রিয়ায় বলেন, হলের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে প্রশাসনিক জটিলতা ও প্রভাবশালী মহলের কারণে বিষয়টি এতদিন এগোয়নি। তিনি বলেন, হাদী ভাইয়ের মৃত্যু শিক্ষার্থীদের মধ্যে গভীর দায়বোধ তৈরি করেছে, সেই অনুভূতি থেকেই হলটির নাম শহীদ শরিফ ওসমান হাদীর নামে ঘোষণা করা হয়েছে।
হল সংসদের সহ-সাধারণ সম্পাদক মুশফিক তাজওয়ার মাহী বলেন, তাঁদের মতে বিতর্কিত ব্যক্তির নামে কোনো আবাসিক হল থাকা উচিত নয়। শিক্ষার্থীদের আবেগ ও অবস্থান থেকেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে বলে তিনি জানান।
তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হলের নাম পরিবর্তনের এই উদ্যোগ প্রশাসনিকভাবে কীভাবে বিবেচিত হবে, তা নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা চলছে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদী কর্মসূচি চলমান রয়েছে।