ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ‘ছবিতে বাংলাদেশ’ শীর্ষক প্রথম বৃহৎ উন্মুক্ত শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগ। প্রদর্শনীতে অংশ নেন বিভাগটির বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম,
রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ চারুকলা বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। উদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের শিল্পকর্মের প্রশংসা করেন।
সরেজমিনে দেখা যায়, প্রদর্শনীস্থলে চারুকলা বিভাগের শিক্ষার্থীদের হাতে তৈরি নানান শিল্পকর্মে সাজানো ছিল পুরো প্রাঙ্গণ। দর্শনার্থীদের জন্য স্থাপন করা হয় একাধিক স্টল। এতে ২০ টাকার বিনিময়ে ক্যারিক্যাচার বা ব্যঙ্গচিত্র অঙ্কন করে দেওয়া হয়, অন্য স্টলে দর্শনার্থীদের শরীরে ফ্ল্যাগ, কলকা কিংবা পছন্দ অনুযায়ী নকশা অঙ্কন করা হয়।
পাশাপাশি ছিল লাইভ পোর্ট্রেটের ব্যবস্থা। এছাড়া অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানাতে হাতে তৈরি প্রাকৃতিক ফুল দিয়ে বানানো তোড়া ব্যবহার করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল বিজয় দিবসের উৎসবমুখর আবহ ও পরিবেশবান্ধব সংস্কৃতি প্রচারের বার্তা।
দর্শনার্থীদের প্রধান আকর্ষণ ছিল বিভাগের প্রথম থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আঁকা শতাধিক শিল্পকর্ম। এসব চিত্রে লোকজ শিল্প, গ্রামবাংলার ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের চিত্র গুরুত্বের সঙ্গে ফুটিয়ে তোলা হয়। চারুকলা বিভাগ প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়ের খোলা প্রাঙ্গণে এটিই ছিল প্রথম বড় পরিসরের প্রদর্শনী।
প্রদর্শনীর স্টলে বিভাগের শিক্ষার্থী বলেন, ‘আমরা চারুকলার শিক্ষার্থীরা আমাদের নিজ নিজ শিল্পকর্ম এখানে তুলে ধরেছি। পাশাপাশি বাচ্চাদের জন্য ফ্ল্যাগ, কলকা এবং দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী নকশা এঁকে দিচ্ছি। এখানে ক্যারিক্যাচার ও লাইভ পোর্ট্রেটের ব্যবস্থাও রয়েছে।’
বিভাগের শিক্ষার্থী ইফতিয়াক আহমেদ জানান,‘আমি এখানে ক্যারিক্যাচার অঙ্কন করছি। ক্যারিক্যাচারের মাধ্যমে যে কেউ নিজের চেহারার একটি কার্টুন সংস্করণ দেখতে পারবে। সরাসরি মডেল সামনে রেখে এই চিত্রকর্ম তৈরি করছি। সবাইকে এই প্রদর্শনী ঘুরে দেখার আমন্ত্রণ।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘এমন বড় আয়োজনে আমরা সবাই খুব আনন্দিত। দর্শনার্থীদের আগ্রহ দেখে ভবিষ্যতে প্রদর্শনীর সময় আরও বাড়ানোর চিন্তা রয়েছে।’
চারুকলা বিভাগের শিক্ষক মো. রায়হান উদ্দিন ফকির বলেন,‘এই প্রদর্শনীতে গ্রামবাংলার ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, ক্যাম্পাসের দৃশ্য এবং মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চিত্র তুলে ধরা হয়েছে। এটি চারুকলা বিভাগ প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে প্রথম বড় আয়োজন। প্রশাসনের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে বার্ষিক প্রদর্শনীর আয়োজন করা সম্ভব হবে।’
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘নৈতিকতার আদর্শ ও আলোকিত চেতনার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় বিজয় দিবস পালন করছে। এর অংশ হিসেবে ‘ছবিতে বাংলাদেশ’ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় এ আয়োজন সম্ভব হয়েছে। এই প্রদর্শনী আমাদের দেশপ্রেমকে আরও শাণিত করবে এবং আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। আমরা প্রমাণ করতে চেয়েছি ছবি কেবল ছবি নয়।’
উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে শৈল্পিক উপায়ে পুরো বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। এসব চিত্রকর্ম শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে। ছবি শুধু শিল্প নয় এর ভেতরেও জীবন, রাষ্ট্র ও বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়।’ পরে তিনি ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং চারুকলা বিভাগকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।