রিফাত বিন নুর,জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে। ফোরাম এ ঘটনাকে দুর্ভাগ্যজনক, উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ফোরাম ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, যাঁদের অপরিসীম ত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। ফোরাম উল্লেখ করে, এই দুই দিন জাতির ইতিহাসে সর্বোচ্চ গৌরব, অহংকার ও আত্মত্যাগের প্রতীক।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের গুরুত্বপূর্ণ ও গম্ভীর জাতীয় দিবসের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ফলে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। ফোরামের মতে, এ ধরনের কর্মকাণ্ড শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস যথাযথভাবে পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ক্যাম্পাসে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে।
ফোরাম আরও আশঙ্কা প্রকাশ করে যে, তালা দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, বিশেষ করে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ ধরনের প্রতিবন্ধকতা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিচারিক ও তদন্ত কার্যক্রমকেও বাধাগ্রস্ত করবে বলে সতর্ক করে ফোরাম।
বিচার প্রক্রিয়ায় চাপ বা বলপ্রয়োগের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টার সমালোচনা করে ফোরাম জানায়, এ ধরনের কার্যক্রম জনতার বিচার বা ‘মব জাস্টিস’-এর একটি বিপজ্জনক সংস্কৃতিকে উসকে দেয় এবং ন্যায়বিচার ও সুষ্ঠু প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, ন্যায়বিচার নিশ্চিত করা অবশ্যই জরুরি; তবে তা হতে হবে আইনসম্মত, প্রাতিষ্ঠানিক, ন্যায়সংগত, নিরপেক্ষ ও নৈতিকতার ভিত্তিতে—ভীতি প্রদর্শন বা প্রশাসনিক অচলাবস্থার মাধ্যমে নয়।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অংশীজনদের ধৈর্যশীল, দায়িত্বশীল এবং আইনানুগ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক পরিবেশ পুনরুদ্ধার, নির্বিঘ্ন প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করা এবং বিচার ও তদন্ত প্রক্রিয়াকে স্বাধীন ও যথাযথভাবে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেছে ফোরাম।
বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন।