ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ বিক্ষোভে অংশ নেন চাকসুর নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কইবো’, ‘হাদি ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আবু সাঈদ–মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’।
বিক্ষোভে বক্তব্য দিতে গিয়ে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের ষড়যন্ত্রের অংশ হিসেবেই আসন্ন নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে দেশের তরুণ আন্দোলনকারীদের টার্গেট করা হচ্ছে। ছাত্র-জনতা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে প্রস্তুত রয়েছে বলে তিনি হুঁশিয়ারি দেন।
চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, আমরা ওসমান হাদিকে কোনো রাজনৈতিক পরিচয়ে চিনি না; আমরা তাকে চিনি তার আন্দোলন ও সংগ্রামের জন্য। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের সতর্ক হয়ে যেতে হবে। তিনি অভিযোগ করেন, এই হামলার সঙ্গে প্রশাসনের একটি অংশ জড়িত থাকতে পারে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দেন তিনি।