রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রতিশ্রুত সম্পূরক বৃত্তির সুনির্দিষ্ট রোডম্যাপ ও তালিকা প্রকাশের দাবিতে রবিবার থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে গড়িমসি করছে।
ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে সম্পূরক বৃত্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় তারা হতাশ।
প্রশাসনের পক্ষ থেকে নভেম্বরের মধ্যে বৃত্তির তালিকা প্রকাশের কথা থাকলেও ডিসেম্বর মাসের ৫ তারিখ অতিবাহিত হওয়ার পরেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
উক্ত প্যানেলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব বলেন, “আমরা যমুনা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন করেছি, কিন্তু কোনো আন্দোলনের ফলাফল আমরা ঘরে তুলতে পারছি না।
১৬ সালের হল আন্দোলনের ফলে আমাদের ২০০ একর জায়গা দেওয়া হয়, সেটি নিয়েও গরিমনসি চলছে। ২৪-এ এসে আমরা বলেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মৌলিক অধিকার আবাসন থেকে বঞ্চিত।”
তিনি আরও বলেন, “আগে আমাদের বেঁচে থাকতে হবে, আগে আমাদের আবাসন এবং খেয়ে শিক্ষা কার্যক্রম চালাতে হবে। সেই লক্ষ্যে সম্পূরক বৃত্তির বিকল্প আমরা কিছু দেখছি না। আবাসন বৃত্তিটি আদায় করার জন্য যদি আমাদের আচরণবিধি লঙ্ঘন করতে হয়, তবে আমরা তাই করব।”
প্রসঙ্গত, গত মে মাসের লং মার্চ টু যমুনা এবং সেপ্টেম্বর মাসে আবাসন বৃত্তিসহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭০ শতাংশ শিক্ষার্থীকে সম্পূরক আবাসন বৃত্তি দেওয়ার আশ্বাস দিয়েছিল।