আবু তাহের, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের (এসডিসি) আয়োজনে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার বিষয়ক বিশেষ মতবিনিময় ও দিকনির্দেশনামূলক ‘ক্যারিয়ার আড্ডা’।
বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান।
এদিন তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আগত অতিথির হাতে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক (Token of Appreciation) তুলে দেন উপাচার্য। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার ভাবনা নিয়ে আলোচনা করেন তারা।
এদিন বিশ্ববিদ্যালয়ের ‘চন্দ্রবিন্দু’ ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এক ঘরোয়া আড্ডায় তিনি এসডিসি ক্লাবের সদস্য ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেন এবং কর্পোরেট জগতে নিজেদের যোগ্য করে গড়ে তোলার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
ক্যারিয়ার আড্ডা নিয়ে এসডিসি সভাপতি মুহাম্মদ মুস্তাকিম বলেন, “শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠনে কাজ করাই আমাদের লক্ষ্য। গ্রামীণফোনের সহযোগিতায় অনুষ্ঠিত আজকের ক্যারিয়ার আড্ডায় তারা চাকরির বাজার ও উদ্যোক্তা হিসেবে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছে।
অনুষ্ঠানে আমাদের উপাচার্য স্যার উপস্থিত ছিলেন এবং গ্রামীণফোন ও বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য একটি MoU নিয়েও আলোচনা হয়, যা শিক্ষার্থীদের জন্য গ্রামীণফোনে প্রবেশের নতুন সুযোগ তৈরি করবে। সব মিলিয়ে এটি ছিল একটি অর্থবহ ও সফল আয়োজন।”