রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প পরবর্তী ছুটি দীর্ঘায়িত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ‘ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল’। এ সময় আগামী রবিবারের মধ্যেই ক্যাম্পাস খুলে দেওয়াসহ ৫ দফা দাবি জানিয়েছে তারা।
বুধবার (৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্যানেলটি এসব দাবি ও বক্তব্য তুলে ধরে।
বিজ্ঞপ্তিতে তারা জানায়, ভূমিকম্পের পর প্রশাসন দুই সপ্তাহের যে ছুটি ঘোষণা করেছে তা একাডেমিক বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এতে বহু ব্যাচের সেমিস্টার ফাইনাল স্থগিত হয়েছে এবং অনেক শিক্ষার্থী চাকরির পরীক্ষায় আবেদন করতে পারছে না।
জকসু নির্বাচন যথাসময়ে সম্পন্ন করতে হলে দ্রুত স্বাভাবিক ক্লাস ও পরীক্ষা আয়োজন অপরিহার্য। তাই আগামী রবিবারের মধ্যেই ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য জোর আহ্বান জানানো হয়। প্রয়োজনে অতি ঝুঁকিপূর্ণ বিভাগগুলোর ক্লাস শহীদ সাজিদ ভবনে শিফট ভিত্তিতে নেওয়ার পরামর্শ দেন তারা।
জকসু নির্বাচন প্রসঙ্গে প্যানেলটি অভিযোগ করে, ভূমিকম্পজনিত ছুটি অযথা দীর্ঘায়িত করে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে এমন সন্দেহ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, কমিশন একটি প্যানেলকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করলেও, আরেকটি প্যানেল প্রকাশ্যে আচরণবিধি ভঙ্গ করার পরও কোনো ব্যবস্থা নেয়নি।
তাদের ৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. ভূমিকম্পের অজুহাতে দীর্ঘমেয়াদী ছুটি বাতিল করে আগামী রবিবারের মধ্যে ক্যাম্পাস খুলে দেওয়া।
২. আগামী এক সপ্তাহের মধ্যে সম্পূরক বৃত্তির তালিকা প্রকাশ করা।
৩. দ্বিতীয় ক্যাম্পাসে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা।
৪. ৭ একরের অস্থায়ী আবাসন প্রকল্পের কাজে ধীরগতি দূর করা।
৫. জকসু নির্বাচন বানচালের অপচেষ্টা বন্ধ করা।
প্রশাসনকে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু নির্বাচন নিয়ে কোনো ধরণের টালবাহানা সহ্য করা হবে না এবং অবিলম্বে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।