আবু তাহের, জাককানইবি
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ও চারুকলা অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Research Software: SPSS (Statistical Package for the Social Sciences)’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ‘এই প্রশিক্ষণ তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এর মাধ্যমে তোমরা গবেষণার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারবে।’ তিনি আরও বলেন, ‘সার্ভে ও তথ্যসংগ্রহের মাধ্যমে প্রাপ্ত উপাত্ত এসপিএসএস-এ এন্ট্রি ও বিশ্লেষণ করে সত্যে উপনীত হওয়াই বিজ্ঞান। এসপিএসএস দিয়ে বহু গুরুত্বপূর্ণ গবেষণা সম্পন্ন করা সম্ভব। পাশাপাশি পাইথনসহ অন্যান্য গবেষণাপদ্ধতি সম্পর্কে জানাও তোমাদের কাজে আসবে।’
উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন)।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও প্রয়োগিক পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. শেখ মোহাম্মদ সায়েম।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের সহযোগিতায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা এবং কলা ও চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
উদ্বোধনী পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।