আতিকুর রহমান, রাবি প্রতিনিধি
শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাকসু ভবনের সামনে থেকে এই মিষ্টি বিতরণ শুরু করেন তাঁরা। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, রাকসু’র ভিপি, জিএসসহ অন্য প্রতিনিধিরা নিজ হাতে শিক্ষার্থীদের মিষ্টি খাইয়ে দিচ্ছেন। উপস্থিত শিক্ষার্থীরা হাসিমুখে মিষ্টি খাচ্ছেন।
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, একজন রিকশাওয়ালা থেকে শুরু করে একজন শিক্ষক পর্যন্ত যেভাবে, সব শ্রেণীর মানুষকে তিনি হত্যা করে পালিয়ে গেছে। এই খুনি হাসিনার আজকে যে রায় দেয়া হয়েছে, সেই রায় আমরা চাই যতো দ্রুত সম্ভব বাস্তবায়ন হোক।
দেশের সাধারণ মানুষের জন্য একটি বড় অর্জন হয়ে থাকার পাশাপাশি ইতিহাস হয়ে থাকবে, ইনশাআল্লাহ। এই রায় যেভাবে আমাদেরকে আনন্দিত করছে, এর বাস্তবায়ন আমাদের আরও আনন্দিত করবে, ইনশাআল্লাহ।
রায় কার্যকর করার বিষয়ে তিনি বলেন, এই রায় বাস্তবায়নের ক্ষেত্রে যেভাবে আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা নেয়া দরকার সেভাবে সহযোগিতা নিয়ে যদি এই রায় বাস্তবায়ন করা হয় তবে বাংলাদেশের জনগণের জন্য, শহীদ পরিবার গুলোর জন্য, জুলাই বিপ্লবে আহত ও পঙ্গুত্ত্ব বরণকারী সকল মানুষের জন্য এবং আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি অর্জন হবে।
রাকসু’র জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ১৭ বছরের জমানো আঘাতের রায় আজকে এসেছে। আবরার ফাহাদ, বিডিআর হত্যাকান্ড, শাহবাগ কায়েম করা এবং সর্বশেষ জুলাই হত্যাকান্ড এগুলাে এক একটা ক্ষত যার রায় আজ এসেছে।
১৬ কোটি মানুষের এখন একটাই ডিসিশন তা শেখ হাসিনার ফাঁসি। আমার ব্যাক্তিগত কথা বল্লে আমার মতো শতশত পরিবার আছে যাদের নষ্ট করে দেওয়া হয়েছে। এখন আমরা চাই অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার ফাঁসি কার্যকর করা হোক।