“স্বপ্নের ক্যাম্পাসে, স্বপ্নের ক্যারিয়ার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনব্যাপী ‘ক্যারিয়ার গাইডলাইন ২০২৫’ সেমিনার। শনিবার টিএসসি অডিটোরিয়ামে তিন সেশনে বিভক্ত এ আয়োজনে বিভিন্ন অনুষদের অসংখ্য নবীন শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্বগুণ, আত্মোন্নয়ন এবং কর্মক্ষেত্রের বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়াই ছিল এই সেমিনারের লক্ষ্য।
সকালে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে প্রথম সেশনের উদ্বোধন হয়। কলা, চারুকলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের নবাগত শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত সেশনে বক্তব্য রাখেন অধ্যাপক ড. বেলাল হুসাইন, ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির।
শিক্ষার্থীদের উদ্দেশে শিশির মনির বলেন, বিশ্ববিদ্যালয় হলো আত্মোন্নয়নের সর্বোত্তম জায়গা, যেখানে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা-চেতনায় পরিপক্ব হয়ে ওঠে। তিনি বলেন, “মানুষের জীবনে অভিজ্ঞতার বিকল্প নেই। এখনই সময় নিজেকে দক্ষ করে তোলার—কীভাবে কথা বলতে হয়, সমস্যা সমাধান করতে হয় এবং নেতৃত্ব দিতে হয় তা শেখা যায় অভিজ্ঞতার মাধ্যমে।”
তিনি আরও বলেন, শান্তভাবে শোনা, সময়মতো সঠিক উত্তর দেওয়া এবং আবেগ নিয়ন্ত্রণ করার দক্ষতা আধুনিক পেশাজীবনে অত্যন্ত প্রয়োজনীয়। আইন পেশার উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, “ধৈর্য আর শুনতে জানার ক্ষমতা—এগুলোই একজন নেতার বড় শক্তি।” শিক্ষার্থীদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, “চেয়ার মানুষকে বড় করে না; মানুষ বসলে চেয়ার সম্মানিত হয়। তাই পদ নয়, যোগ্যতা অর্জনের দিকেই নজর দিতে হবে।”
সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, পাঠ্যক্রমের বাইরে এমন আয়োজন তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। একজন নবাগত শিক্ষার্থী বলেন, “শিবিরের ক্যারিয়ার ভাবনা আমাদের বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে সাহায্য করে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ও ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান, অংশগ্রহণকারীদের জন্য বিশেষ উপহারসহ বিভিন্ন আকর্ষণীয় সেগমেন্ট রাখা হয়েছে। অনুষ্ঠানের সমন্বয় করেন ঢাবি শিবির সেক্রেটারি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান।