রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের থিসিস শিক্ষার্থীদের মতো পিএইচডি গবেষকদের জন্যও শিগগিরই বৃত্তি প্রদান কর্মসূচি চালু করা হবে।
রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত স্নাতকোত্তর থিসিস শিক্ষার্থীদের গবেষণা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “গবেষণামুখী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমরা নিয়মিত নানা উদ্যোগ নিচ্ছি। থিসিস শিক্ষার্থীদের পাশাপাশি পিএইচডি গবেষকরাও যাতে তাদের গবেষণা কার্যক্রমে আর্থিক সহায়তা পান, সে লক্ষ্যেই নতুন বৃত্তি চালুর প্রস্তুতি চলছে।”
তিনি আরও বলেন, “একাডেমিক উৎকর্ষতা অর্জন ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “গবেষণার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের গবেষণার প্রতি অনুপ্রাণিত করার জন্য এ উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। অনুদান সঠিকভাবে ব্যবহার হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং রেজিস্ট্রারের রুটিন দায়িত্বে নিয়োজিত অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
২০২৪-২৫ অর্থবছরের আওতায় প্রতিটি থিসিস শিক্ষার্থী ১৪ হাজার ১২৪ টাকা করে গবেষণা সহায়তা হিসেবে পাবেন। এ অর্থ কেবল গবেষণাসংশ্লিষ্ট কাজে ব্যয়যোগ্য এবং ‘থিসিস শিক্ষার্থীদের বৃত্তি’ হিসেবে গণ্য হবে।
অনুষ্ঠানে প্রতিটি অনুষদ থেকে দুজন করে শিক্ষার্থী উপাচার্যের কাছ থেকে চেক গ্রহণ করেন। বাকি শিক্ষার্থীরা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর থেকে পরিচয়পত্র বা প্রবেশপত্র প্রদর্শনের মাধ্যমে তাদের চেক সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।