রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বিধিমালা প্রকাশের পর থেকেই নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু করেছে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। এরই মধ্যে আচরণবিধির খসড়াও প্রকাশিত হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, আগামী সোমবারই ঘোষণা করা হতে পারে জকসু নির্বাচনের তফসিল।
শনিবার সাংবাদিকদের নির্বাচন কমিশনের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। সেখানে প্রার্থীদের আচরণবিধি ও নির্বাচনী শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
বৈঠকের মতামতের ভিত্তিতে আচরণবিধি চূড়ান্ত করা হবে বলে কমিশন জানিয়েছে। একই সঙ্গে আচরণবিধিতে নতুন কোনো ধারা যুক্ত বা বাদ দেওয়া হবে কিনা, তা নিয়েও ছাত্রনেতাদের মতামত নেওয়া হবে।
এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত করা একটি নোটিশ প্রকাশ করেছে কমিশন। নোটিশে বলা হয়েছে, রবিবার সকাল ১০টায় উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিতব্য বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সব সক্রিয় ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
অধ্যাপক মোস্তফা হাসান বলেন, “রবিবারের আলোচনায় সব পক্ষের মতামত জানব। আমরা চাই, নির্বাচন হোক সম্পূর্ণ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক। শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ নির্বাচন উপহার দিতে চাই।”
তিনি আরও জানান, “নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সবদিক বিবেচনা করে ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে আমরা তফসিল ঘোষণা করব। আশা করছি, সোমবারই তা প্রকাশ করতে পারব।”
ডোপ টেস্ট চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও ব্যয়জনিত কারণে বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা চলছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।