রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
আন্তর্জাতিক মানের শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রাজধানীর ধানমন্ডির গ্রীন গার্ডেন কনভেনশন হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের আয়োজনে গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এক সভায় দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক ড. কে. এ. এম. রিফাত হাসান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক, ডেপুটি রেজিস্ট্রার এ কে এম আব্দুল্লাহ আল মামুন,
নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান পিটার ডেনিস পোগোজ ও পরিবারের সদস্যবৃন্দ, ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তৃতা প্রদান পর্বে বক্তারা আশা প্রকাশ করেন, নিকোলাস পোগোজ ফাউন্ডেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যৌথ উদ্যোগ দেশের শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া ও পেশাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করে তুলতে এবং উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে চলতি বছরের জুলাই মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
সে সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান পিটার ডেনিস পোগোজ এবং পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা, প্রযুক্তি ও খেলাধুলায় অনুপ্রাণিত করার উদ্যোগ তুলে ধরেন।
ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, শিক্ষকদের ক্ষমতায়ন, বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পেশাগত উন্নয়ন, খেলাধুলার প্রসার, স্বেচ্ছাসেবায় অংশগ্রহণে উৎসাহ প্রদান এবং মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান।
এই লক্ষ্য বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কোলাবরেশন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি উভয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ভূমিকা রাখবে।