রোকুনুজ্জামান, জবি
সাহিত্যে নোবেলজয়ী মার্কিন নাট্যকার ইউজীন ও’নীলের বিশ্ববিখ্যাত নাটক ‘ডিজায়ার আন্ডার দ্য এলমস’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে উঠছে। নাটকটির প্রযোজনা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
আগামী ২৫ অক্টোবর শনিবার এবং ২৬ অক্টোবর রবিবার টিকিটের বিনিময়ে সন্ধ্যা ৭টা থেকে শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির দুই দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির বাংলা অনুবাদ করেছেন কবীর চৌধুরী। পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন জবি নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়া জাবীন প্রিয়তা।
নাটকের এফরায়েম ক্যাবট চরিত্রে অভিনয় করেছেন শিক্ষার্থী তাকরিম আহমেদ। তিনি বলেন, “ক্যাবট শুধু একজন মানুষ নয়, এক প্রজন্মের প্রতীক। জমি তাকে শক্তি দিলেও সেই বিশ্বাসই শেষে তার একাকিত্বের কারণ হয়ে দাঁড়ায়।”
অ্যাবেন চরিত্রে অভিনয় করা মনন মোস্তাকিন বলেন, “মায়ের স্নেহহীনতায় বেড়ে ওঠা অ্যাবেনের ভেতরে প্রেম ও রাগ দুটোরই লড়াই। সেই দ্বন্দ্ব প্রকাশ করাই ছিল মূল চ্যালেঞ্জ।”
অন্যদিকে অ্যাবি চরিত্রে অভিনয় করেছেন রোকসানা আক্তার সায়মা। তার ভাষায়, “অ্যাবি ভালোবাসা পেতে চায়, কিন্তু ভয় তাকে থামিয়ে রাখে। দর্শক যেন তার কষ্ট অনুভব করতে পারে সে চেষ্টা করেছি।”
নির্দেশক রুবাইয়া জাবীন প্রিয়তা বলেন, “এই নাটক কেবল পারিবারিক সংকটের গল্প নয়। মানুষের অন্তর্গত ইচ্ছা, অপরাধবোধ, ঈর্ষা ও মুক্তির তীব্র অনুসন্ধানই এর কেন্দ্রবিন্দু। আমরা দর্শকদের কাছে প্রশ্ন রাখছি, মানুষ কি কখনো নিজের ইচ্ছার বাইরে উঠতে পারে?”
নাটকে অভিনয় করছেন তাকরিম, মোস্তাকিন, সায়মা, শোভন, খুশি, মিঠুন, জ্যা চাকমা, অর্থি, পলক, রিভা, ইসরাত, সুরুজ ও তুলি।
আবহসংগীতে থাকছেন নওমী, শোভন, পলক ও সুরুজ, প্রকাশনায় মুগ্ধ আনন, মঞ্চ নির্মাণের দায়িত্বে থাকছেন স্পর্শ ও টনি পোস্টার ডিজাইনে সাদিয়া নিশা। আলোক প্রক্ষেপণে খন্দকার রাকিবুল হক ও রাজিন।
নীরবতা, আকাঙ্ক্ষা আর অব্যক্ত সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এ নাটকটি দর্শকদের ভাবনার এক নতুন দরজা খুলে দেবে এমনটাই প্রত্যাশা নির্মাতা ও অভিনয়শিল্পীদের।