আবু তাহের, জাককানইবি
চলন্ত রিকশায় সিএনজির ধাক্কায় আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাশ্বত গোলদার। এর জেরে উক্ত রাস্তায় চলাচল করা ৯টি সিএনজি আটক করেছে শিক্ষার্থীরা।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেটের ট্রামপুল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় রিকশাচালক ও রিকশায় থাকা অপর যাত্রী মুহিতও আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশায় করে ত্রিশাল বাজারে যাওয়ার পথে পেছন থেকে দ্রুতগতিতে আসা সিএনজির ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে। পরে সিএনজি চালক পালিয়ে যাওয়ার সময় গোলদারের হাতের ওপর দিয়ে চাকা চালিয়ে দেয়।
আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে শিক্ষার্থীরা রাস্তা ব্লকেড করে ও ৯টি সিএনজি আটক করে। তাদের দাবি, ক্ষতিপূরণ ও বিচার না পাওয়া পর্যন্ত কোন সিএনজি মুক্ত করা হবে না। পরে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে ত্রিশাল থানা পুলিশ, সিএনজি মালিক সমিতি এবং প্রক্টরিয়াল বডি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আবারও আলোচনায় বসবে ত্রিশাল উপজেলা প্রশাসন, সিএনজি মালিক সমিতি, ত্রিশাল থানা পুলিশ, প্রক্টরিয়াল বডি এবং শিক্ষার্থী প্রতিনিধিরা।
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ জানান, পরীক্ষা সংক্রান্ত কাজে গোলদার এবং মুহিত রিকশায় বাজারে যাচ্ছিলেন। এমন সময় ট্রামপুল পার হবার সময় একটি সিএনজি এসে রিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে দুজন রাস্তায় ছিটকে পড়ে। এসময় সিএনজি চালক পালিয়ে যাওয়ার সময় গোলদারের হাতের ওপর দিয়ে চালিয়ে দেয়।
নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে দুর্ঘটনার খবরটি জানতে পেরেছি। বর্তমানে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ করছি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলিম মিয়া বলেন, ত্রিশাল থানা পুলিশ, সিএনজি মালিক সমিতি এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে বসে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। ইতোমধ্যে আহত শিক্ষার্থীর চিকিৎসার সকল ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েছে মালিক সমিতি এবং সিএনজি চালকের ভাই। সমাধান না হওয়া পর্যন্ত আটককৃত সিএনজিগুলো প্রক্টরিয়াল বডির হেফাজতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবে।