আবু তাহের, জাককানইবি
গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চতুর্থ তলায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা ও কমিটি হস্তান্তরের মাধ্যমে নতুন কমিটির দায়িত্বভার অর্পণ করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে আইন ও বিচার বিভাগের হাসিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ফোকলোর বিভাগের আতিকুর রহমান সেতু দায়িত্ব পেয়েছেন। তাঁরা দুজনেই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এছাড়া যুগ্ম সম্পাদক আবদুল্লাহ ইসরাক লাবিব, দপ্তর সম্পাদক হরি প্রিয়া সেন, প্রচার সম্পাদক ঐশী করিম, বিতর্ক আয়োজন সম্পাদক মো. আল শাহরিয়ার রিদন এবং ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট সেক্রেটারি আফরাজুর রহমান রাহাত দায়িত্ব পেয়েছেন।
দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি হাসিবুর রহমান বলেন, ‘এই দায়িত্বটা আমার জন্য শুধুমাত্র একটি পদ নয়, বরং এটি একটি অঙ্গীকার। যারা আমাকে এই যোগ্যতায় নির্বাচিত করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে ডিবেটিং সোসাইটির প্রতিটি পদক্ষেপকে কার্যকরভাবে বাস্তবায়নের চেষ্টা করবো।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সেতু বলেন, ‘পুরোনো সফলতা ধরে রেখে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে, নতুন যাত্রায় ডিবেটিং সোসাইটির লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো। যারা আমাকে এই যাত্রায় সহায়তা করেছেন, সেই সহপাঠী, অগ্রজ ও অনুজদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
সদ্য সাবেক সহ-সভাপতি তানজিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সোসাইটির সাবেক ভিপি শফিক বাপ্পী। কমিশনার হিসেবে ছিলেন সাবেক জিএস রুমন হাসান ও সাবেক বিদ্রোহী হল সেক্রেটারি নিজাম উদ্দিন।
উল্লেখ্য, মোট ৩৫টি পদের মধ্যে ১২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন প্রার্থীরা।