ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেছেন, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানই তাদের প্রথম অগ্রাধিকার। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে এখনো নানা ধরনের সমস্যা রয়েছে। আমরা সবকিছুর আমূল পরিবর্তন চাই।”
রোববার (১৯ অক্টোবর) বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে “Be a Lifesaver: First Aid Boot-camp” শীর্ষক একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, যা ঢাবির শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেবে।
ফরহাদ বলেন, “প্রতিটি হাসপাতালে জরুরি বিভাগ নিচতলায় থাকে, কিন্তু ঢাবি মেডিকেলের জরুরি বিভাগ এতদিন ছিল দ্বিতীয় তলায়। এটি সম্প্রতি নিচতলায় স্থানান্তর করা হয়েছে।” তিনি আরও জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারের আধুনিকায়ন এবং নতুন ডাক্তার নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, “প্রাথমিক চিকিৎসা বিষয়ে ট্রেনিং দেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু যেহেতু তা হচ্ছে না, তাই ডাকসুর উদ্যোগে আমরা ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীকে এই ট্রেনিং দিতে যাচ্ছি।” তিনি বলেন, “এই ৪০ হাজার শিক্ষার্থীর মাধ্যমে অন্তত ৪০ হাজার পরিবার প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতন হবে।”
ডাকসু ও বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (BGHRI)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্প আগামী ২৫ অক্টোবর সলিমুল্লাহ মুসলিম হল ও রোকেয়া হলে শুরু হবে। এতে বেসিক লাইফ সাপোর্ট, শ্বাসরোধে সহায়তা, পোড়া, হাড় ভাঙা, অজ্ঞান হওয়া, ফুড পয়জনিং, সাপের কামড়, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক পদক্ষেপ শেখানো হবে।