আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
সম্প্রতি আত্মপ্রকাশ করা দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) এর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উদ্বোধন ও কমিটি ঘোষণা করেন ইউটিএল-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান এবং সদস্য সচিব হিসেবে লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, যুগ্ম সদস্য সচিব হিসেবে ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন, ট্রেজারার হিসেবে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
এছাড়া আহ্বায়ক সদস্য হিসেবে লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. নুরে আলম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাইয়েদ আজহারুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মো. আবির হোসেন।
এ সময় ইউটিএল-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা—এই চার মূলনীতি নিয়ে ২০২৫ সালের জুলাইয়ে ইউটিএল আত্মপ্রকাশ করে। ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের ঐতিহাসিক প্রেরণায় গঠিত এ সংগঠন শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, গবেষণার উৎকর্ষতা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
নবগঠিত ইউটিএল আহ্বায়ক ড. মুহাম্মদ শামসুজ্জামান বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে শিক্ষকদের নীরব পর্যবেক্ষক না থেকে জাতির দিকনির্দেশক হিসেবে কাজ করতে হবে।
সেই লক্ষ্যেই ইউটিএল একটি সক্রিয় ও পেশাদার শিক্ষক সংগঠন হিসেবে গড়ে উঠছে। তিনি আশা প্রকাশ করেন, নজরুল বিশ্ববিদ্যালয়ে ইউটিএল চ্যাপ্টারের উদ্বোধন শিক্ষক সমাজের মর্যাদা পুনরুদ্ধার ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।