রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
স্বপ্ন, কলম আর সত্যের মেলবন্ধনে দৃঢ় প্রত্যয়ী একদল স্বপ্নবাজ তরুণের হাত ধরে শুরু হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের এক অনন্য যাত্রা। সময়ের পরিক্রমায় সেই উদ্যোগের ফসল হিসেবে আজ দাঁড়িয়ে আছে জবি প্রেসক্লাবের এক গৌরবময় অধ্যায়ে। প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতাকে আদর্শ মেনে গড়ে ওঠা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাব আজ গৌরবান্বিত এক যুগ পূর্ণ করলো।
শিক্ষার্থীর হাত ধরে সত্যকে তুলে ধরা, শিক্ষার্থীদের পক্ষে নিরপেক্ষ সাংবাদিকতা করা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে ২০১৪ সালের ৩ অক্টোবর জবি প্রেসক্লাবের যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ থাকেনি; বরং শিক্ষার্থীদের অধিকার, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় এক নির্ভরযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে।
আবাসন সংকট, টিউশন ফি বৃদ্ধি, প্রশাসনিক অনিয়ম, হল আন্দোলন ও দ্বিতীয় ক্যাম্পাস আন্দোলনসহ গুরুত্বপূর্ণ নানা মুহূর্তে প্রেসক্লাব শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।
বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা করতে গিয়ে প্রেসক্লাবের সদস্যরা নানাভাবে হামলা, মামলা ও হুমকির মুখে পড়লেও কখনো পিছু হটেননি। বরং আরও দৃঢ়ভাবে শিক্ষার্থীদের স্বার্থে কলম চালিয়ে গেছেন।
বিশেষ করে সাম্প্রতিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন প্রেসক্লাবের সাংবাদিকরা নির্ভীকভাবে মাঠে থেকে ঝুঁকি উপেক্ষা করে সত্য সংবাদ তুলে ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
নানাবিধ সমস্যা তুলে ধরার পাশাপাশি সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিক, শিক্ষার্থীদের সাফল্য, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে তুলে ধরে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জবি প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী থেকে এখনও সেই বলিষ্ঠ অবস্থান অক্ষুণ্ণ রাখাতে কাজ করে যাচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ন্যায্য দাবি আদায়ে সোচ্চার হওয়া এবং সমাজের পক্ষে অবস্থান নেওয়ার ক্ষেত্রেও তারা সবসময় অগ্রণী ভূমিকা লক্ষণীয়।
এক যুগ পূর্তিতে জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউছুব ওসমান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের এক যুগে পদার্পণ উপলক্ষে আমি সংগঠনের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। আমরা সবসময় সত্যের পথে অটল থেকেছি। নানা বাধা-বিপত্তি সত্ত্বেও আমাদের কলম থেমে থাকেনি। আমরা বিশ্বাস করি, এ যাত্রা কেবল শুরু আগামীতেও আমরা শিক্ষার্থীদের ও দেশের মানুষের পক্ষে দৃঢ়ভাবে কাজ করে যাব।”
সংগঠনটির সভাপতি মো. মেহেদী হাসান বলেন, “সব বাধা পেরিয়ে আমাদের সাংবাদিকরা শিক্ষার্থী ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। সাংবাদিকতা আমাদের কাছে কেবল ক্যাম্পাসের সংবাদ নয়, বরং দেশের গণতান্ত্রিক মূল্যবোধের লড়াইয়ে শামিল হওয়ার এক মাধ্যম। এই বিশেষ দিনে আমরা সকল সদস্য, শুভানুধ্যায়ী ও বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব বলেন, “দীর্ঘ এই পথচলায় আমরা কখনও অন্যায়ের আপোষ করিনি এটাই আমাদের মূল শক্তি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আগামীতেও সংগঠনের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।”