রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালায় নতুন দাবী যুক্তকরণ এবং আগামী অক্টোবর মাসের মধ্যেই শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর কাছে স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান বরাবর এ স্মারকলিপি জমা দেন।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, করোনা-পরবর্তী অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বহুগুণে বেড়ে গেছে। তাই শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত সম্পূরক বৃত্তি নিশ্চিত করা জরুরি। তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন বারবার উদাসীনতা দেখাচ্ছে। পাশাপাশি ঘোষিত জকসু নির্বাচনের নীতিমালা সংশোধনের প্রয়োজন রয়েছে বলে মত দেন তারা।
ছাত্রদল জানায়, অক্টোবরের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
জকসু নীতিমালায় বেশ কয়েকটি নতুন সম্পাদকীয় পদ যুক্ত করার প্রস্তাব দিয়েছে ছাত্রদল। এগুলো হলো:
১। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
২। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক
৩। মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক
৪। সংস্কৃতি বিষয়ক সম্পাদক
৫। দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক
৬। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক
৭। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
৮। পরিবেশ বিষয়ক সম্পাদক
৯। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক
এছাড়া তারা কোষাধ্যক্ষ পদের বিপরীতে অর্থ সম্পাদক পদকে পুনরাবৃত্তি উল্লেখ করে পদটি বাদ দেওয়ার দাবিও উত্থাপন করেছে।
শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীরা নানামুখী সমস্যার মুখে পড়ছে। তাই আমরা চাই আগামী অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি পাক। একইসাথে জকসু নীতিমালায় প্রয়োজনীয় পদ সংযোজনের দাবিও জানিয়েছি।”
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে যা কিছু দরকার ছাত্রদল সবসময় তা করে যাচ্ছে। অক্টোবরের মধ্যেই যেন সম্পূরক বৃত্তি নিশ্চিত হয়, সে লক্ষ্যে আমরা নিরলস কাজ করছি।”
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহমেদ, যুগ্ম আহবায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি সহ একটি প্রতিনিধি দল।