রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) কে আধুনিক ও সক্রিয় রূপ দিতে ৯টি নতুন সম্পাদকীয় পদ সংযোজনের প্রস্তাব পেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সংগঠনটির পক্ষ থেকে লিখিত প্রস্তাবনা জমা দেওয়া হয়। এতে গঠনতন্ত্রে সংশোধনী আনা ও নতুন পদ সৃষ্টির সুপারিশ করা হয়েছে।
ছাত্রদল বলছে, বর্তমান কাঠামোয় বেশ কিছু অসংগতি রয়েছে, যা জকসুর সুষ্ঠু কার্যক্রমের অন্তরায়। এসব বিবেচনায় তারা যে ৯ টি নতুন সম্পাদকীয় পদ প্রস্তাব করেছে। সেগুলো হলো:
১. স্বাস্থ্য সম্পাদক
২. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক
৩. মিডিয়া ও যোগাযোগ সম্পাদক
৪. সাংস্কৃতিক সম্পাদক
৫. দক্ষতা উন্নয়ন সম্পাদক
৬. আইন ও মানবাধিকার সম্পাদক
৭. বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক
৮. পরিবেশ সম্পাদক
৯. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক
এছাড়া ‘অর্থ সম্পাদক’ পদটি বাদ দিয়ে কেবল ‘কোষাধ্যক্ষ’ রাখার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। তাদের যুক্তি, এই দুটি পদ একসঙ্গে থাকলে দায়িত্বের পুনরাবৃত্তি ও দ্বন্দ্ব তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
প্রস্তাবে এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে পরিষ্কার নীতিমালা তৈরির দাবি জানানো হয়েছে। বিশেষ করে রাজনৈতিক কারণে যেসব শিক্ষার্থী অনার্স বা মাস্টার্স শেষ করতে পারেননি, তাদের জন্য রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানোর নির্দেশনা থাকা প্রয়োজন বলে ছাত্রদল মনে করে। পাশাপাশি সম্পূর্ণ খসড়া নীতিমালা শিক্ষার্থীদের সামনে প্রকাশ করার আহ্বান জানানো হয়।
ছাত্রদল আরও জানায়, জকসুর ভূমিকা শুধু প্রশাসনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে সামাজিক-সাংস্কৃতিক দায়িত্বও বহন করা উচিত। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন: ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৯৬৯ ও ১৯৯০ সালের গণআন্দোলন এবং সাম্প্রতিক ২০২৪ সালের গণঅভ্যুত্থান এসব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার কাজেও জকসু সক্রিয় থাকা প্রয়োজন।
এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা জকসু নিয়ে নতুন কিছু প্রস্তাব দিয়েছি। এর আগেও বিভিন্ন পরামর্শ জমা দিয়েছিলাম।”
অন্যদিকে, জকসু নীতিমালা প্রণয়ন ও সংশোধন কমিটির সদস্য ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ্ উদ্দিন জানান, “এটি যদি কমিটির বৈঠকে তোলা হয়, কমিটি বিষয়টি ভেবে দেখবে।”
স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব সামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তফিজুর রহমান রুমিসহ অন্য নেতাকর্মীরা।