আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তৃতা ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “Let’s Talk 3.0”–এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (এসডিসি) আয়োজন করে এ প্রতিযোগিতা।
প্রাথমিক পর্ব শেষে ৮ জন প্রতিযোগী ফাইনালে অংশ নেন এবং সেরা হওয়ার জন্য প্রস্তুত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রতিযোগিতায় ব্যবস্থাপনা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম আহমেদ রাহি বিজয়ী হন। প্রথম রানার আপ হন নৃবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের মো. হাসিবুল হক খান অর্ক এবং দ্বিতীয় রানার আপ হন দর্শন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের আশকা আলম।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন এসডিসি ক্লাবের সহ-সভাপতি মো. সামিউল ইসলাম সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি।
বিচারকের দায়িত্ব পালন করেন এলাহি বিডি’র প্রতিষ্ঠাতা ও সিইও জুনায়েদ কবির শিহাব, উর্মি গ্রুপের হিউম্যান রিসোর্স প্রফেশনাল মো. ইবনুল হায়দার নাকিব এবং ডিওলিটো’র সহকারী অডিটর মো. জাহিদুল হাসান। উপস্থাপনা শেষে বিচারকবৃন্দ এবং এসডিসি ক্লাবের সভাপতি মো. মোস্তাকিম প্রতিযোগীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
মো. মোস্তাকিম বলেন, “Let’s Talk 3.0 আমাদের জন্য গর্বের আয়োজন। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, পাবলিক স্পিকিং দক্ষতা ও নেতৃত্বের মানসিকতা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য অনুপ্রেরণার প্ল্যাটফর্ম হবে বলে আমরা আশা করি।”
পরিশেষে পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাবের পক্ষ থেকে বেস্ট লিডার, ডেডিকেটেড লিডার, বেস্ট অর্গানাইজার ও ডেডিকেটেড অর্গানাইজার সম্মাননা প্রদান করা হয়।