গবি সংবাদদাতা :
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনকে ঘিরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের মধ্যে কোমল পানীয় ও বিস্কুট বিতরণের মাধ্যমে তিনি ভোট প্রভাবিত করার চেষ্টা করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জিএস পদপ্রার্থী আফসানা মিমি নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে বিভিন্ন সময়ে শ্রেণিকক্ষে গিয়ে ভোটারদের কাছে সমর্থন চান এবং তাদের মাঝে কোমল পানীয় ও বিস্কুট বিতরণ করেন।
নির্বাচনী আচরণবিধির ১০(ঙ) ধারা অনুযায়ী, কোথাও কোনো প্রকার ক্যাম্প বা প্যান্ডেল করা কিংবা ভোটারদের খাদ্য, পানীয় বা উপঢৌকন প্রদান করা নিষিদ্ধ।
এ বিষয়ে আফসানা মিমি বলেন, “আমি বিভিন্ন ডিপার্টমেন্টে যাইনি। আজ রাজনীতি ও প্রশাসন বিভাগে গিয়েছিলাম, যেখানে আমার বহু পুরনো পরিচিত শিক্ষার্থী রয়েছে। তারা খেতে চাইলে আমি এ ব্যবস্থা করি।”
ছাত্রাবাসে ভোটারদের খাওয়ানো প্রসঙ্গে অন্য প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি আরও বলেন, “মেসে গেলে তো খাওয়ানো করতেই হয়। আমিও করছি, আর অনেকে তো এসব করছে।”
রিটার্নিং অফিসারের দপ্তর জানিয়েছে, “এ বিষয়ে ইতিমধ্যে তাদের কাছে লিখিত অভিযোগ পৌঁছেছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”