জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন প্যানেলটির ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আরিফুল্লাহ আদিব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হল কেন্দ্রের সামনে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনে একটি পক্ষ প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে শিক্ষার্থীরা যদি নির্ভয়ে ভোট দিতে পারেন এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখে, তাহলে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা ঐতিহাসিক বিজয় অর্জন করবে।
আরিফুল্লাহ আদিব বলেন, “আমাদের জোটের প্রতি শিক্ষার্থীদের আস্থা স্পষ্ট। আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করব। শিক্ষার্থীরা পরিবর্তন চায়, তারা একটি গণতান্ত্রিক পরিবেশে নিজেদের মতামত প্রকাশ করতে আগ্রহী।”
তিনি আরও উল্লেখ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন পর জাকসু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নতুন দিগন্তের সূচনা হবে।
প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হলে ভোট গ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শিক্ষার্থী ও পর্যবেক্ষকদের মতে, এবারের নির্বাচন শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নয়, বরং সারাদেশের ছাত্ররাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। বিশেষ করে বিভিন্ন মতাদর্শিক ছাত্র সংগঠনের অংশগ্রহণে এ নির্বাচন ক্যাম্পাস রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।