ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অমর একুশে হলে আগে থেকে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। তার দাবি, এই অভিযোগ আড়াল করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে টিএসসি কেন্দ্রে তাদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ ছড়ানো হচ্ছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে টিএসসি চত্বরে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফরহাদ বলেন, “ইউল্যাব কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলের একজন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। আর অমর একুশে হলে আগে থেকেই ছাত্রদলের সিল মারা ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “একুশে হলের কারচুপির অভিযোগ ঢাকতেই টিএসসি কেন্দ্রে আমাদের নামে অপপ্রচার নাটক মঞ্চস্থ করা হয়েছে।” ফরহাদ মিথ্যা অভিযোগকারীদের গ্রেফতারেরও দাবি জানান।
প্রসঙ্গত, প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৩৯ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী ভোটার, যার মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়ানো ভোটাররা বিকেল ৪টার পরেও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন প্রার্থী রয়েছেন। পাশাপাশি ১৮টি হল সংসদের মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ফরমে ছয় পাতার ব্যালটে। ৮টি কেন্দ্রে ১৪টি মেশিনে ফলাফল গণনা করা হবে। গণনার প্রতিটি ধাপ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শন করা হবে।