ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুরু হওয়া কঠোর নিয়ন্ত্রণ বলবৎ থাকবে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান প্রবেশপথ— শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, পলাশী ও ফুলার রোডে দেখা গেছে পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যদের কড়া অবস্থান। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করা প্রতিটি যানবাহনে চলছে তল্লাশি। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবায় ব্যবহৃত যানবাহনগুলো গেট অতিক্রমের সুযোগ পাচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা লাইনে দাঁড়াবেন, তারা সময় পেরিয়ে গেলেও ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটকে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া জানালেও প্রশাসনের দাবি— কঠোর নিয়ন্ত্রণের লক্ষ্য শুধুমাত্র একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, ডিবি এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।