সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি:
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বর্তমান নিয়োগবিধিতে বৈষম্যের অভিযোগ তুলে তা দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা এ বিষয়ে বিএলআরআই মহাপরিচালকের নিকট একটি স্মারকলিপি জমা দেন।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ায় কম্বাইন্ড ডিগ্রিধারী (BSc in Veterinary Science and Animal Husbandry) স্নাতকরা নিয়মিতভাবে বঞ্চিত হচ্ছেন। অথচ তারা প্রাণিসম্পদ খাতের জন্য প্রয়োজনীয় পূর্ণাঙ্গ জ্ঞান ও দক্ষতা অর্জন করেও বিভিন্ন পদে উপেক্ষার শিকার হচ্ছেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, এ বৈষম্য চলতে থাকলে দেশের প্রাণিসম্পদ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। তাই দ্রুত নিয়োগবিধি সংশোধন করে সকল গ্র্যাজুয়েটের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।
এ প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, “আমরা চার থেকে পাঁচ বছর কঠোর পরিশ্রম করে প্রাণিসম্পদ বিষয়ে পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন করি। অথচ নিয়োগের ক্ষেত্রে আমাদের অবহেলা করা হলে ভবিষ্যতে এই খাতের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হবে।”
তারা আশা প্রকাশ করেন, বিএলআরআই কর্তৃপক্ষ বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে যথাযথ উদ্যোগ নেবে।
এর আগে একই দাবিতে সোমবার (১ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা গণ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।