ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ছাত্র সংসদ: প্রত্যাশা ও সম্ভাবনা” শীর্ষক বিশেষ অনুষ্ঠান।
সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে সন্ধ্যা থেকে শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন শিক্ষক, ছাত্র সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী প্রতিনিধি ও বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশ নেন।
আয়োজনের ১ম পর্বে অনুষ্ঠিত হয় সংসদীয় বিতর্ক। সংসদীয় বিতর্কের মোশন ছিলো ‘ছাত্র সংসদ নির্বাচন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে।’
বিতর্কে পক্ষ ও বিপক্ষ দলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্ক শেষে উপস্থিত অতিথিদের কাছে ছাত্র সংসদ নিয়ে তাদের মন্তব্য জানতে চাওয়া হয়।
আয়োজনের ২য় পর্বে অনুষ্ঠিত হয় পলিসি বিতর্ক। যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় শিক্ষার্থীরা ছাত্রশিবিরের সভাপতির কাছে তাদের কমিটি সম্পর্কে, কেন এখনো তাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করছে না তা জানতে চায়। এ সময় শিক্ষার্থীরা ৫ আগস্টের পরও তারা ক্যাম্পাসে গোপন ভাবে রাজনীতি করছেন বলে অভিযোগ করে। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল আহম্মেদকে ট্যাগিংয়ের রাজনীতি হবে কি না তা নিয়ে প্রশ্ন করা হয়। এ সময় পেছনে দর্শক সারি থেকে প্রশ্নকারীদেরকে ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্রশিবির বিদ্বেষী বিভিন্ন ট্যাগ দেওয়ার অভিযোগ উঠে। প্রশ্ন করা নিয়ে ছাত্রশিবির ও ছাত্রদল দুই পক্ষের মাঝে কয়েকবার বাগবিতণ্ডা সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ অলি উল্লাহ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তানজিল হোসাইন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল আহম্মেদ,
শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সদস্য ঐশ্বর্য সরকার, আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী জেনাস ভৌমিক, ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি নূর আলম নাহিদ, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব মো. শওকত জাহান কিবরিয়া, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোছাঃ জান্নাতী বেগম, সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুমন হাসান।