ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ের কেস কম্পিটিশন
“CaseSprint 2025”। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসয়ের (বিইউপি) Team Backseat Drivers.
রবিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ৪র্থ তলায় দুই পর্বে চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের Team Metro এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের Team Hattimatim Tim। বিজয়ী দলগুলোর মাঝে সর্বমোট ১ লক্ষ ১০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ২৫০ এর অধিক দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাথমিক বাছাই ও পরবর্তী তিনটি রাউন্ড অতিক্রম করে সেরা ৬টি দল চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে।
আয়োজক কমিটি জানায়, এই প্রতিযোগিতা তরুণ শিক্ষার্থীদের ব্যবসায়িক সমস্যার উদ্ভাবনী সমাধান, বিশ্লেষণী দক্ষতা এবং কৌশলগত চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা বিশ্বাস করেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে পারবে।
ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। তাদের মতে, এ উদ্যোগ শুধু শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে সহায়ক নয়, বরং আগামী দিনের দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গঠনে বিশেষ অবদান রাখবে।