ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ডাকসু নির্বাচন যেকোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং। তবে কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, সেক্ষেত্রে তিনি দায়িত্ব ছেড়ে দিয়ে সব বলে দেবেন। শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ভিসি বলেন, এ দেশের জনগণ দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু পরিবেশে ভোট আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। কমিশনের দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতায় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ছাত্র সংগঠনগুলোর আচরণ এখন পর্যন্ত আশাব্যঞ্জক, যা একটি সুন্দর নির্বাচন আয়োজনের সম্ভাবনাকে জোরদার করেছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিষ্ঠান হিসেবে সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেকোনো পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এ প্রসঙ্গে তিনি সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
উপাচার্য আরও বলেন, “ডাকসু নির্বাচন কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, বরং পুরো জাতির প্রত্যাশার সঙ্গে জড়িত। তাই এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। যদি কেউ প্রক্রিয়াটিকে ভণ্ডুল করার চেষ্টা করে, আমি দায়িত্বে থাকব না; দায়িত্ব ছেড়ে দিয়ে কে কী করেছে, সব বলে দেব।”
বিশ্লেষকদের মতে, ভিসির এ মন্তব্য ডাকসু নির্বাচনের গুরুত্ব এবং এর সঙ্গে জড়িত জটিলতাকে সামনে নিয়ে এসেছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এ নির্বাচন ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলসহ সবার নজর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।